‌‌‘সুন্দর-নির্মল পরিবেশের জন্য সবুজায়ন প্রয়োজন’

আপডেট : ২২ জুলাই ২০১৮, ২১:৩৪
নরসিংদীতে জমে উঠেছে সাতদিন ব্যাপী ফল ও বৃক্ষ মেলা। বৃক্ষ প্রেমিরা সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছে। ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি জোগাবে নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে নিয়ে নরসিংদীতে উদ্বোধন হলো সপ্তাহব্যাপী ফল ও বৃক্ষ মেলার। 
 
শনিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
 
এ সময় সাংবাদিকদের সঙ্গে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আমাদের দেশে সীমিত সম্পদ রয়েছে আর তার তুলনায় জনসংখ্যা প্রচুর। তাই এই বিপুল সংখ্যক জনগণকে সুন্দর, নির্মল বায়ু ও পরিবেশে বাঁচতে হবে। তার জন্য সবুজায়নের প্রয়োজন রয়েছে। আর এই সকল বিষয়কে মাথায় রেখে যিনি দেশের উন্নয়নের জন্য বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করেছেন সেই প্রধানমন্ত্রীর উদ্যোগের ফসল হিসেবে দেশে এবার ৩০ লক্ষ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।  
 
গত ২১ জুলাই শনিবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত। মেলায় সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা বিভিন্ন নার্সারির ৩৫টি স্টল বসানো হয়েছে। মেলার স্টলগুলোতে বিশাল আকৃতির কাঁঠাল, আম, লটকন, আনারস, জাম্বুরা, ড্রাগন ফল, কলা, পেয়ারাসহ নরসিংদী বিভিন্ন এলাকায় উৎপাদিত নানা জাতের ফল, ফুল, বনজ, ঔষধি গাছ শোভা পাচ্ছে।
 
উদ্বোধন শেষে মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করেন।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ওম্মে হাবিবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. লতাফত হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ড. সাফায়েত আহমেদ সিদ্দিকি, জেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল হাইসহ সকল উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ। 
 
ইত্তেফাক/ এমআই