যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ইসলামী রাষ্ট্রের (আইএস) দু্ই সদস্যের মৃত্যুদণ্ডে ‘বাধা’ দেবে না যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র সচিবের লেখা ফাঁস হওয়া এক গোপন চিঠি সূত্রে এ তথ্য জানা যায়। খবর বিবিসি’র।
দ্য ডেইলি টেলিগ্রাফের কাছে থাকা ওই চিঠিটি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে উদ্দেশ করে লিখেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদ। চিঠিতে লেখা হয়েছে, আইএস সদস্য আলেক্সান্দ্রা কোটে এবং এল সাফি এলশেখের মৃত্যুদণ্ড বিষয়ে যুক্তরাজ্যের কাছে কোনো ‘নিশ্চয়তা’ চাইতে হবে না।
২২ জুন তারিখের ওই চিঠিতে জেফকে উদ্দেশ্য করে জাভেদ আরও লিখেছেন, নির্দিষ্ট ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে যথেষ্ট শক্তিশালী কারণ রয়েছে। তবে এ বিষয়ে আমরা এমন কোনো নিশ্চয়তা দিতে চাই না।
এদিকে বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক বলেছেন, যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে বিতর্কিত যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার গুয়ানতানামো বে কারাগারের বিরোধিতা করছে। এখনও যুক্তরাজ্য এটি বন্ধ করে দিতে চায়।
ওই প্রতিবেদক আরও বলেন, এ জোড়া আইএস সদস্যকে ‘দ্য বিটলস’ নামে অভিহিত করা হয়। তারা গুয়ানতানামো বে কারাগারে আছে। এক্ষেত্রে তাদের বিচারের বিষয়ে কোনো বুদ্ধিমত্তা ভাগ করবে না যুক্তরাজ্য। তবে তাদের বেসামরিক বিচারের আওতায় আনা হলে দেশটি অংশগ্রহণ করতে পারে।
এ বছরের শুরুতে উত্তর সিরিয়া থেকে বার্তা সংস্থা এপি’কে এক সাক্ষাত্কারে ওই দুই আইএস সদস্য অভিযোগ করে বলেছেন, আমরা যথাযথ বিচার না পাওয়ার আশঙ্কা করছি। কারণ যুক্তরাজ্য সরকার আমাদের নাগরিকত্ব বাতিল করেছে।
উল্লেখ্য, অভিযুক্ত ওই দুই আইএস সদস্য পশ্চিম লন্ডনের অধিবাসী। তাদের এ বছরের জানুয়ারিতে সিরিয়া থেকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ জেআর
