প্রকাশ্য দিবালোকে লাশ ফেলে গেলো দুর্বৃত্তরা

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:২৮

দিনে দুপুরে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ ফেলে রেখে গেল দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ মহাসড়কে একটি কালো মাইক্রোবাসে করে এসে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে যায়। নিহত আব্দুল মান্নান কুমিল্লা জেলার বরুড়া থানার কৃষ্ণপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি রাজধানী ঢাকার মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সিকিউরিটি গার্ড ছিলেন।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ওই ব্যক্তির(৫২) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রজ্জব আলী জানায়, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের সঙ্গে থাকা একটি কালো হাতব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা পরিচয়পত্র দেখে নাম ঠিকানা শনাক্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইত্তেফাক/নূহু