কেন্দুয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২১:৩৫

নেত্রকোনার কেন্দুয়া ছোট ভাই ও তার পরিবারের সদস্যদের হামলায় বড় ভাই আবুল কালাম (৫০) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী রোকেয়া আক্তার ও ছেলে উজ্জ্বল মিয়া।

বৃহস্পতিবার বিকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কৈলাটি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। নিহতের স্ত্রী রোকেয়া আক্তার ও ছেলে উজ্জ্বল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কৈলাটি গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বড় ভাই আবুল কালামের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বুধবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে দুই ভাইয়ের মধ্যে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই সবুজ মিয়া ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসশস্ত্র নিয়ে আবুল কালামের ওপর হামলা করে। এতে আবুল কালাম, তার স্ত্রী রোকেয়া আক্তার ও ছেলে উজ্জ্বল মিয়া মারাত্মক আহত হয়।

আশংকাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে আবুল কালাম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু