রাবিতে দ্বিতীয় উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ

আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৯:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 
 
১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে প্রথম উপ-উপাচার্য পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম উপ-উপাচার্য পদে নিয়োগ পান প্রফেসর আমানুল্লাহ আহমদ। তখন থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ১৩ প্রফেসর উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। এর আগে সর্বশেষ প্রফেসর আনন্দ কুমার সাহা ১২তম উপ-উপাচার্য হিসেবে গত বছরের ১৬ জুলাই নিয়োগ পান। তিনি অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। 
 
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, দিনের পর দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসর বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কাজের পরিধিও। কিন্তু প্রশাসনে কর্মকর্তা বৃদ্ধি পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের কাজের গতিও বাড়ছিল না। এতে বাড়ছিল ভোগান্তি। এ ভোগান্তি কমানোর জন্য আমিই সরকারের কাছে দ্বিতীয় উপ উপাচার্য নিয়োগের আবেদন করেছিলাম। অধ্যাপক আনন্দ কুমার সাহার নিয়োগের আগেই এ বিষয়ে সরকার সিদ্ধান্ত চেয়েছিল। কিন্তু কিছু জটিলতার কারণে তখন দুইজন উপ-উপাচার্য একসঙ্গে নিয়োগ দেয়া সম্ভব হয়নি। সরকার বিশ্ববিদ্যালয়ের চাহিদার কথা বিবেচনা করে আরেকজন উপ-উপাচার্য দিয়েছেন। আমি আশা করছি এখন বিশ্ববিদ্যালয়ের সকল কাজে গতি আসবে।
 
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সুচারুভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয় দ্বিতীয় উপ-উপাচার্যের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। সে দায়িত্বটা আমার উপর এসেছে। আমি উক্ত দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 
 
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর পরিচালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চিত্তরঞ্জ মিশ্র ও অধ্যাপক গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি