বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, নকলা-নালিতাবাড়ীর সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘এ দেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কেননা সরকারের কোন প্রকার সহযোগিতা ছাড়াই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশের শিক্ষা উন্নয়নে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু ইতিপূর্বে কওমি শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারীরা সরকারি শিক্ষার আওতায় আসতে চান নাই বা সরকারের সঙ্গে তাদের কোন যোগাযোগও হয় নাই।
রবিবার বিকেলে নকলা উপজেলার বিবিরচর রহমানীয়া ফাজিল মাদরাসা মাঠে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসা ও কওমি মাদরাসার প্রতি প্রতিষ্ঠানের ২য় শ্রেণির ২০ জন করে শিক্ষার্থীর সোলার বাতি বিতরণ অনুষ্ঠান পূর্ব বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান ধর্মীয় শিক্ষা বান্ধব সরকার ও জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে কওমি শিক্ষাকে সরকারি স্বীকৃতিদানের জন্য উদ্যোগ গ্রহণ করেন, ইতোমধ্যে কওমি শিক্ষার জন্য শিক্ষা বোর্ড গঠন, কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের কাজ সরকারের সহযোগিতায় কওমি শিক্ষকদের মাধ্যমেই বাস্তবায়ন করা হচ্ছে। সরকার চায় দেশের সাধারণ শিক্ষার সঙ্গে কওমি শিক্ষা ব্যবস্থাও সরকারের সকল প্রকার সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হউক। এ জন্যে ভবিষ্যতে সরকার কওমি মাদরসার শিক্ষার্থীদের মধ্যেও বিনামূল্যে পাঠ্যবই প্রদান করবে। এ দিনে তিনি নকলা পৌরসভাসহ ৪টি ইউনিয়নে ২ হাজার ৪শ ৫০টি সোলার বিতরণ করেন।
মন্ত্রী এর আগে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইসকা বাইপাস মোড়ে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন।
এ সময় শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আলতাব আলী।
ইত্তেফাক/এমআই
