ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে লাঞ্ছনার অভিযোগ এনে বাগেরহাটে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার গাবতলী টার্মিনালগামী দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে জেলার সকল অভ্যন্তরীণ রুটে সব ধরনের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন পরিবহন ভাঙচুর করছে। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই কারণে বাগেরহাট থেকে রাজধানী ঢাকা গাবতলী টার্মিনালগামী ছেড়ে যাওয়া সকল ধরনের দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে কোনো ঘোষণা ছাড়া দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
একাধিক যাত্রী জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন মালিক-শ্রমিকদের খামখেয়ালির রোষানলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অনেকের জরুরি কাজ থাকা সত্বেও তারা ঢাকায় যেতে পারছে না।
বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বকী তালুকদার জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাংচুরের ভয়ে ঢাকার গাবতলী টার্মিনালগামী দূরপাল্লার পরিবহন চলাচল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। তবে বাগেরহাট জেলার বাকি সকল রুটে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/নূহু
