রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযানকালে একজন গুলিবিদ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার রাত ২টার দিকে শাব্দীপুর এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ইব্রাহীম হোসেন (৩৮) উপজেলার মহিষালবাড়ী এলাকার ইসরাইল হোসেনের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ (সদর) সুপার আবদুর রাজ্জাক খান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ইব্রাহীম ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় পালানোর চেষ্টা করলে তার সহযোগী আরিফ ও জিয়াউরকে গ্রেফতার করা হয়। পরে সেখানে তল্লাশী করে ৫০০ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আবদুর রাজ্জাক খান বলেন, জেলার বিভিন্ন থানায় পৃথক মাদক বিরোধী অভিযানে আরো ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গোদাগাড়ী থানায় তিনজন, তানোরে পাঁচজন, মোহানপুরে চারজন, পুঠিয়ায় দুইজন, বাগামারায় তিনজন, দুর্গাপুরে তিনজন, চারঘাটে ১৩ জন, বাঘায় পাঁচজন। এ সময় বেশ কিছু ইয়াবা, দেশীয় মদ, ফেনসিডিল ও হোরোইন উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু
