ক্যালিফোর্নিয়ার পুড়ে যাওয়া অংশ লস অ্যাঞ্জেলসের সমান

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১০:২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দুটি দাবানলকে রাজ্যের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সক্রিয় দাবানল বলে অভিহিত করা হয়েছে। এই দুটি দাবানলকে একত্রে ‘মেনডোসিনো কমপ্লেক্স ফায়ার’ বলা হয়। ভয়াবহ এ দাবানলে সেখানকার প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ একর জায়গা পুড়ে গেছে, যা আয়তনে প্রায় লস অ্যাঞ্জেলেসের সমান।  এছাড়া এ ঘটনায় সেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
 
সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্মকর্তারা দাবানল দুটিকে রাজ্যের সবচেয়ে সক্রিয় দাবানল উল্লেখ করে বলেন, আমাদের এসবের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে হবে। দমকল বাহিনীকে এর জন্য আরো তত্পর ও দক্ষ ভূমিকা পালন করতে হবে। কেননা এসব যদি আমরা সবাই মিলে ঠিকমতো মোকাবিলা করতে না পারি তাহলে তা আমাদের জন্য আরো সম্পদের ক্ষতি ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়াবে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, উষ্ণ আবহাওয়া, প্রচণ্ড বাতাস ও স্বল্প আর্দ্রতার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৬টি স্থানে বড় আগুন মোকাবিলায় কাজ করছেন। প্রায় ১৪ হাজার কর্মী এ জন্য লড়াই করে যাচ্ছেন। কিন্তু তারপরও তারা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন।
 
পরিস্থিতির দ্রুত উন্নতি হবে না বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তা ব্রায়ান হারলে। কোনো কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলেও পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।  
 
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানল খারাপ হওয়ার জন্য রাজ্যের পরিবেশ আইন দায়ী। তবে স্থানীয় পরিবেশবিদ ও কর্মকর্তারা ট্রাম্পের এই টুইট বার্তা প্রত্যাখ্যান করে তার সমালোচনা করেছেন।
 
ইত্তেফাক/ জেআর