ফুলবাড়িতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:০২
দিনাজপুরের ফুলবাড়ি পৌর এলাকার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
 
আটককৃত নবিনুর ইসলাম (৪৫) পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। পেষায় সে কাপড়ের দোকানি।
 
বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খান বলেন, বুধবার সকালে স্কুলে আসার সময় ওই ছাত্রীকে তার বাবার বন্ধু পরিচয়ে কৌশলে দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে নবিনুর। বিষয়টি তার সহপাঠীরা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেয়। পরে প্রধান শিক্ষক অন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় নবিনুর কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে নবিনুরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে নবিনুরকে আটক করে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ