কিশোরগঞ্জের ভৈরবে পেটে কাপড় বেঁধে অন্তঃসত্ত্বা সেজে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরি করতে গিয়ে মা-মেয়ে আটক হয়েছে।
শনিবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন- নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আজিজ খানের স্ত্রী হোসনে আরা বেগম ও তার মেয়ে পিয়ারা বেগম।
জানা গেছে, গত বৃহস্পতিবার ভৈবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্ম দেন মেঘলা বেগম নামে এক নারী। ওইদিন পিয়ারা বেগম স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওই প্রসূতির সঙ্গে ভাব জমিয়ে নবজাতকের খোঁজ নেন। এ সময় তার পরিচয় জানতে চাইলে পিয়ারা বেগম পালিয়ে যায়। শনিবার সকালে ফের এসে ওই প্রসূতির বেডের সামনে ঘোরাঘুরি করতে থাকেন পিয়ারা বেগম ও তার মা। এ সময় নবজাতকের নানি আছিয়া বেগম তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় তার সন্দেহ হয়। পরে ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্সকে জানালে তারা দুজনকে আটক করে পুলিশে খবর দেন।
এ বিষয়ে হাসপাতালের নার্স বলেন, 'সকালে আমি এক নারীর টুইন বেবির ডেলিভারি করছিলাম। তখন এক নারী এসে বলে- আজকে আমার ডেলিভারির তারিখ। তাকে দেখে আমার সন্দেহ হয়। এরপর শারীরিক পরীক্ষা করে তার পেটে বাঁধা অনেক কাপড় পাই।'
ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান জানান, হাসপাতাল থেকে নবজাতক চোর সন্দেহে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/ইউবি
