গত শীতের মৌসুমে বৃষ্টি ও তুষারপাতের পরিমাণ অত্যধিক কম হওয়ায় আফগানিস্তানে পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে খরা পরিস্থিতির। এর ফলে, শীতের মৌসুমে ফসলের উৎপাদন খুবই কম হবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে, খাদ্য সঙ্কটের সম্মুখীন হতে পারে দেশটি। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, শীতের মৌসুমে প্রাকৃতিক উপায়ে পর্যাপ্ত পানি না আসায় এমনিতেই শঙ্কিত ছিল আফগানরা। এর মাঝে শুষ্ক গরম ও বসন্তেও এই অবস্থার কোন উন্নতি হয়নি। যার দরুন এইবারের গম উৎপাদন গত ৭ বছরের মধ্যে সবচেয়ে কম হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ইউএসএইড স্থাপিত দুর্ভিক্ষের সতর্কতা জারি বিষয়ক সংস্থা ‘ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেম নেটওয়ার্ক’ জানিয়েছে, আফগানিস্তানে ২০১১ সালের পর সবচেয়ে কম গম উৎপাদন হতে পারে এই বছর।
আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক টোবি ল্যানজার সম্প্রতি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে না আসে, তাহলে আগামী শীতে আমরা চরম দুর্দশার শিকার হতে পারি।
জাতিসংঘ জানিয়েছে, এই বছর আফগানিস্তানে গমের বার্ষিক উৎপাদন ২৫ লাখ টন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনটা হলে, ২০ লাখেরও বেশি মানুষ খাদ্য সঙ্কটের শিকার হবে। আগামী ছয় মাসে প্রয়োজন হবে ব্যাপক মানবাধিকার সহায়তার।
ইত্তেফাক/ জেআর
