বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় মামলা, প্রতিবাদে ফুঁসে উঠেছে রংপুরের ছাত্রসমাজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:০৬
রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদ জিয়ন বাসের চাকায় পিষ্ঠ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে রংপুরের ছাত্রসমাজ। এ ঘটনায় আজ সোমবার জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে। পালন করছে শোক দিবস। রংপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা আজ সকালে মানববন্ধন করতে গেলে পুলিশি বাঁধার মুখে তা করতে পারেনি। পরে ছাত্রছাত্রীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছে।
 
এ ঘটনায় পুলিশ রবিবার রাতে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে। তবে বাসের মালিক পলাতক রয়েছে। থানায় মামলা দায়ের হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, রংপুর বিভাগে ফিটনেসবিহীন বাস ট্রাক চলাচল করার কারণে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। ঘাতক বাস চালকের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 
উল্লেখ্য, রংপুর মহানগরীর দর্শনায় বাসচাপায় তানভীর আহমেদ জিয়ন নামে দশম শ্রেণীর এক ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা ও চালকের ড্রাইভিং লাইসেন্স ত্রুটিপূর্ণ থাকার অভিযোগে বাসের চালক ইনসান আলী শানু (৩৮), তার সহকারী (হেলপার) বাদশা মিয়া (৩৫) ও বাসের মালিক শরিফা বেগমকে আসামি করে রবিবার রাতে কোতয়ালি থানার এসআই ছকিদুল ইসলাম মামলাটি করেন। 
 
রংপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মুক্তারুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দুর্ঘটনার পর নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ। 
 
আটক শানু গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার তাহেরপুর এলাকার আব্দুস সামাদের পুত্র এবং বাদশা একই জেলার পলাশবাড়ি উপজেলার বাবর আলীর পুত্র। বাসটির কাগজপত্র ঠিক থাকলেও হালকা যান চালানোর লাইসেন্স ছিল চালকের।
IMG0
এদিকে জিয়নের মৃত্যুর প্রতিবাদে সোমবার দুপুর ১২টায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন, সহকারী অধ্যাপক নাহিদ ফরিদাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষাথৃীবৃন্দ।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরিফ আবু রাফা ও রংপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম।
IMG1
নিহত জিয়ন বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলের হাট প্রামের লোহানীপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের ছেলে এবং নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল জিয়ন।
 
জিয়ন দর্শনার ঘাঘটপাড়া এলাকার মেঘলা ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো। রবিবার সকালে কোচিং শেষে বাইসাইকেল নিয়ে ওই মহাসড়ক দিয়ে বাসায় ফিরছিল জিয়ন। সে সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী 'ভাইবোন' পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জিয়নের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/নূহু