দেশে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সকল প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। দেশটিতে মুদ্রাস্ফীতি অত্যধিক বেড়ে যাওয়ায় সেখানকার আর্থিক অবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। এমন অবস্থায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক জানিয়েছে বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের যা যা সরবরাহ করা দরকার তার সবটাই দিবে তারা। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, এশিয়া প্যাসিফিক বাণিজ্যে ডলারের তুলনায় তুরস্কের মুদ্রা লিরা’র মূল্য রেকর্ড পরিমাণ নিম্নতায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল সাত শতাংশ নিচে ছিল লিরা। এই বছরে মুদ্রাটি ৪৫ শতাংশেরও বেশি মূল্য হারিয়েছে।
দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তুরস্কের অর্থনীতির ওপর প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে দেশের উচ্চ মুদ্রাস্ফীতিতে সুদের হার কমানোর আহবান সে উদ্বেগ আরো বৃদ্ধি করেছে। পাশাপাশি মুদ্রাস্ফীতির এমন অবস্থার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের সাম্প্রতিক অবনতিও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
কেন্দ্রীয় ব্যাংক তাদের ঘোষণায় বলেছে, কেন্দ্রীয় ব্যাংক বাজারের গভীরতা, মূল্যের উঠানামা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রকার প্রয়োজনীয় উদ্যোগ নিবে।
বিনিয়োগকারীরা ভয়ে আছেন যে, ইউরোর সঙ্গে লিরার মানের ব্যবধান বেড়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে ব্যাপক প্রভাব ফেলবে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকান ও মেক্সিকান মুদ্রায় এর প্রভাব পরিলক্ষিত হয়েছে।
ইত্তেফাক/ জেআর
