রামুতে বন্দুকযুদ্ধে নিহত ২, পানিতে ডুবে ১

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:১৮
কক্সবাজারের রামু উপজেলার এদিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আশকরখিল এলাকায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এক যুবক। তার নাম আবু তাহের (৩০)। তিনি ওই এলাকার ছৈয়দ নুরের ছেলে।
 
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, সোমবার রাতে আবু তাহের বাড়ির পার্শ্ববর্তী ফাড়িখালের নাপিতেরকুম এলাকায় জাল নিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান। তাকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে লোকজন ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের অবহিত করে। মঙ্গলবার দুপুরে আবু তাহের এর মৃতদেহ ভেসে ওঠে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আবু তাহের ৩ সন্তানের জনক।
 
এদিকে রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের 'বন্দুকযুদ্ধের' ঘটনায় রতন রুদ্র (৩১) ও নেজাম উদ্দিন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ লাখ ৫০ হাজার ইযাবা ও চারটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। নিহত দুজনেরই বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
 
র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন, ১৪ আগস্ট মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু পানেরছড়া র‌্যাব চেকপোস্টের সামনে দিয়ে একটি তেলের ট্যাংকার লরি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সিগনাল দিলে না থামিয়ে উল্টো গাড়ি থেকে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এবং গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৫০ হাজার ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়।
 
রামু থানার ওসি মিজানুর রহমান (তদন্ত) জানান, নিহত দুজনের মৃতদেহ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু