টোকিওতে যথাযথ মর্যাদায় শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:৩১
জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযথ  শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। শোক দিবসের আয়োজনসমূহ দুই পর্বে অনুষ্ঠিত হয়।
 
বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দূতাবাসের সকল কর্মকর্তা–কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
IMG0
পরে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। তিনি জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 
 
আলোচনায় অংশ নেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সাউথ-ওয়েস্ট এশিয়া বিভাগের পরিচালক শোগো ইয়োশিতাকে এবং জাপান প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিগণ।
 
ইত্তেফাক/জেডএইচ