সাভারে বাসা থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যার ঘটনায় দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। গত বুধবার দুপুরে আটক বন্ধুদের সাথে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুলছাত্র রোহান ইসলাম আবিদ (১০)। পরে বৃহস্পতিবার সকালে সাভার বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকা থেকে বস্তায় ভর্তি তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রোহান ইসলাম আবিদ সাভারের তালবাগ মহল্লার আফজাল হোসেনের ছেলে। সে স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুল অব এক্সিলেন্সির ৫ম শ্রেণির ছাত্র ছিল।
এছাড়া আটককৃতরা হলো- নিহত আবিদের বন্ধু গোলাম আজম ও রাহুল। তারা দুজনেই পার্শ্ববর্তী শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া। শওকতের দোতলা বাড়ির ছাদ থেকে আবিদের বালু মাখা প্যান্ট উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাবা আফজাল হোসেন বলেন, গত দুই দিন আগে আমার ছেলের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশী গোলাম আজমের। বুধবার দুপুরে শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে যায় রাহুল, গোলাম আজম, রহিমসহ কয়েকজন। এরপর সে আর সারাদিনে বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে ভাগলপুর বালুঘাট থেকে বস্তার ভিতরে ভর্তি আবিদের লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবিদকে ঘাড় মটকে হত্যার পর চেহারা নষ্ট করার জন্য ইট দিয়ে মুখমণ্ডল থেঁতলানো হয়। এ ঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদসহ একটি হত্যা মামলা করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
