শিবপুরে ৫দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০০:৫০

নরসিংদীর শিবপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে পাঁচদিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ আগস্ট) দুপুরে শিবপুরের নগর এলাকার একটি বাড়ি থেকে নির্যাতনের শিকার ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কিশোরী শিবপুরের খড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় মো. জুয়েল (১৮) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। সে শিবপুরের দুলালপুর এলাকার আবদুল হান্নানের ছেলে ও নির্যাতিতা কিশোরীর বড় বোনের স্বামীর খালাতো ভাই।

পুলিশ, নির্যাতিতা কিশোরী ও তার স্বজনেরা জানান, ১৫ আগস্ট বুধবার দুপুরে শিবপুর বাজারে কাপড় কিনতে যায় ওই কিশোরী। ফেরার পথে তিনজন মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। এরপর একটি কক্ষে আটক রেখে ধর্ষণ ও মারধোর করে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোমবার শিবপুর নগর এলাকার বিল্লালের বাড়ি থেকে পুলিশের সহায়তায় কিশোরীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ জুয়েল এবং অজ্ঞাত আরও দুজনসহ মোট তিনজনকে আসামি করে শিবপুর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা।

ইত্তেফাক/নূহু