শোকাবহ পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ। এই কলংকিত দিনটি উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলাবাজার হলে ২১ আগস্ট মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, আয়েবার সহ-সভাপতি আহমেদ ফিরোজ, সাইফুজ্জামান প্রমুখ।
সভায় এম. নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক শক্তির নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একাত্তরের পরাজিত শক্তি একুশে আগস্টে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল।’
তিনি বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, হত্যার রাজনীতিতে বিশ্বাসীদের আস্থায় আনা যাবে না। জঙ্গিবাদের দোসরদের আগামীতে নির্বাচিত করা যাবে না। মনে রাখতে হবে, জঙ্গিবাদের মদদদাতারা কোনোদিন চরিত্র বদল করতে পারে না।’
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলায় পেছনে মুখ্য ভূমিকা পালনকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ইত্তেফাক/নূহু
