যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপন

আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১১:৫০
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার  উদযাপিত হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বিভিন্ন মসজিদ, কমিউনিটি সেন্টার এবং খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদের জামাত শেষে নবীন-প্রবীণ, ছোট-বড়, ধনী-গরীব সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়। 
 
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সর্বত্রই নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে নিউইয়র্ক সিটি প্রশাসনেরও বিশেষ নিরাপত্তা লক্ষণীয় ছিল। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকায় দূর-দূরান্ত থেকে এসে শত শত ধর্মপ্রাণ মুসল্লি পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন। 
 
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউইয়র্কের অন্যতম বৃহৎ মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে ঈদুল আজহার একমাত্র জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকার থমাস এ. এডিসন হাইস্কুল খেলার মাঠে। ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ  মোনাজাতে মুসলিম উম্মাহসহ দেশ জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। 
 
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান জ্যামাইকা কুরানিয়া একাডেমির অধ্যক্ষ হাফেজ মুজাহিদুল ইসলাম। এর আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ, নিউইয়র্ক রাজ্য সিনেটর টনি অ্যাবেলা ও অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার জন ল্যু, কাউন্সিলম্যান কস্টা কনস্ট্যানটিনিডস ও ড্যানিক মিলার, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট খাজা নাজিমউদ্দিন ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী প্রমুখ। 
IMG0
ঈদের জামাতকে মুসলমানদের মহান ধর্মীয় মূল্যবোধে আকর্ষণীয় করে তোলার লক্ষে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। মোহাম্মদি সেন্টারের ব্যবস্থাপনায় এখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বাংলাদেশ থেকে আসা আমন্ত্রিত ইমাম শায়খ ফয়সাল জিলানি। অন্য জামাতে ইমামতি করেন ইমাম কাজী কায়্যুম, ইমাম শেখ আবুল খায়ের, শেখ আহমাদ আব্দুল্লাহ ও শেখ জুলকার নাইন। 
 
এদিকে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এলমহার্স্ট ও উডসাইড, ব্রঙ্কস-এর পার্কচেস্টার এবং ব্রুকলিনের চার্চ-ম্যাকডেনাল্ড এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 
 
নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুস্টেস, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা, মিশিগানের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত হয়। এসব এলাকার বাংলাদেশিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 
 
যুক্তরাষ্ট্রে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের নিয়ম না থাকায় প্রতি বছর বিভিন্ন গ্রোসারির মাধ্যমে পশু কোরবানি দিয়ে আসছেন বাংলাদেশিরা। 
 
ইত্তেফাক/জেডএইচ