গ্রিসে উৎসাহ ও উদ্দীপনায় ঈদ-উল-আযহা উদযাপিত

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৫:১২
উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের আয়োজনে এথেন্সের কুমুদুরু পার্কে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি এখানে নামাজ আদায় করেন। রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান।
IMG0
রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন। তিনি ত্যাগ তিতিক্ষার মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে পরস্পরের প্রতি সহমর্মিতাভিত্তিক সম্পর্ক উন্নয়নের দিকে জোর দেন। প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
IMG1
ঈদের জামাতে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতারাসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতারা। ঈদের জামাতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি