সনদ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে বন্ধ করে দেওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা এ সংক্রান্ত আদেশ জারি করে।
এই আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
উক্ত সনদের ভিত্তিতে ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সকল কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) গ্রহণ করবে বলে মন্ত্রণালয়ের আদেশে বলা হয়।
বেশ কয়েকটি মামলা ও রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সারাদেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্যাম্পাস অবৈধ ঘোষণা করলেও এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করাদের সনদ অবৈধ ঘোষণা করেনি। আদালতের এই অংশের আলোকে শিক্ষামন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ২০১৬ সালের ২৬ জুলাই। এরপর থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে সনদধারীদের বৈধতা দেওয়া হবে কিনা এ নিয়ে নানামুখী জটিলতা তৈরি হয়। বৈধতার বিষয়ে প্রশ্ন তুলেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও। আদালতের রায়ের বিষয় তুলে অবশেষে শিক্ষামন্ত্রণালয় দারুল হইসান বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সনদের বৈধতা দিল, এমপিওভুক্তির সুযোগও দেয়া হচ্ছে তাদের।
ইত্তেফাক/এমআই
