নাফটা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও কানাডা

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১১:৪৬
ওয়াশিংটন ও কানাডা উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি বা নর্থ আমেরিকান ফ্রি-ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) টিকিয়ে রাখতে বুধবার বিস্তারিত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একথা জানিয়েছেন। 
 
তিনি বলেন, এ আলোচনা সহজ হবে কারণ মেক্সিকো সোমবার যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারে ‘জোরালো সিদ্ধান্ত’ নিয়েছে।
 
ফ্রিল্যান্ড বলেন, মেক্সিকোর এমন প্রচেষ্টা কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে আমাদের পথ সুগম করে দিয়েছে। এক্ষেত্রে আমি মনে করি এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ফলপ্রসূ হবে।
 
এদিকে মঙ্গলবার  ট্রুডোর কার্যালয় থেকে জানানো হয়, নাফটা নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গঠনমূলক আলোচনা হয়েছে ট্রুডোর।
 
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ২৫ বছরের পুরনো নাফটা চুক্তি নিয়ে মাসের পর মাস আলোচনার পর সোমবার নতুন একটি চুক্তি করতে সম্মত হয়েছে।
 
গত বছর যুক্তরাষ্ট্র ত্রিদেশীয় নাফটা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এরপরই এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্প ঘোষণা দেন, নাফটা চুক্তি তিনি নতুন করে করতে চান। - বাসস ও বিবিসি
 
ইত্তেফাক/ জেআর