গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২০:১২
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সুলতানা বেগমকে (৩২) হেরোইনসহ আটক করেছে র‌্যাব-৫। বুধবার মধ্য রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত সুলতানা বেগম পৌর এলাকার বুজরুক রাজারামপুর (বুজরুকপাড়া) গ্রামের মৃত ইসলাম আলী মেয়ে।
 
বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক পাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুলতানা বেগমকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি করে সিঁড়ির নিচ থেকে ৮৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে হেরোইন ও ইয়াবা বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হবে।
 
প্রসঙ্গত, চলতি বছর ৩০ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
ইত্তেফাক/বিএএফ