ডিসির মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৪:৫৬
মেহেরপুরের জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে এক অসাধু চক্র সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদানের নামে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এ ব্যাপারে জনগণকে সাড়া না দিতে এবং জনসচেতনতা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব ইউএনও এবং সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
 
আনোয়ার হোসেন জানান, এক শ্রেণির অসাধু ব্যক্তি বা ব্যক্তিবর্গ তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে কয়েকদিন ধরে মানুষের কাছে চাঁদা দাবি করছে। এরই মধ্যে কেউ কেউ তার কাছে অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, যদি কেউ জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তবে তার বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোষ্টও দিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি