ভারতের রাজস্থান অঙ্গরাজ্যের রাজধানী জয়পুরে দ্রুতগতির এক গাড়ির চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে দুই শ্রমিক। জানা গেছে, গাড়িটি চালাচ্ছিল স্থানীয় এক বিজেপি নেতার ছেলে। সেসময় সে মাতাল ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিজেপির কিষাণ মর্চা দলের স্থানীয় নেতা বদরি নারায়ন মিনার ছেলে ভারত ভূষণ মিনা মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে ঘুমন্ত চার শ্রমিকের ওপর দিয়ে গাড়ি ওঠিয়ে দেয়। এতে দুই জনের মৃত্যু হয়। ঘটনায় ভারত ভূষণকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা নরেন্দ্র বলেন, গাড়িটি ফুটপাতে ঘুমন্ত চার ব্যক্তিকে আঘাত করে। এতে চারজন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ(শনিবার) সকালে জানা গেছে যে, তাদের মধ্যে দুইজন মারা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ভারতকে পথচারীরা ধরে পুলিশে সোপর্দ করে। পরীক্ষা করে দেখা যায়, তখন তার রক্তে অ্যালকোহলের মাত্রা বৈধ সীমার চেয়ে নয়গুণ বেশি ছিল।
গাড়িতে ভারত ছাড়াও তার বেশ কয়েকজন বন্ধুও ছিল। তারাও মাতাল অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ভারতের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে। -এনডিটিভি
ইত্তেফাক/ জেআর
