ইউক্রেনে বিস্ফোরণ, শীর্ষ রুশপন্থি বিদ্রোহী নেতা নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের দখলে থাকা দোনেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বিচ্ছিন্নতাবাদী নেতা আলেক্সান্দার জাখারশেঙ্কো নিহত হয়েছেন।  মস্কো এ ঘটনার জন্য ইউক্রেনকে দায় দিলেও কিয়েভ সরকার হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সেপার ক্যাফের ওই বিস্ফোরণে বিদ্রোহীদের আরেক শীর্ষ নেতা আলেক্সান্দার তিমোফেয়েভও গুরুতর আহত হয়েছেন।
 
ঘটনার পরপরই সন্দেহভাজন কয়েক ইউক্রেনীয় নাগরিককে আটক করার খবর দিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। “সন্ত্রাসীদের হামলায় দোনেত্স্ক পিপলস রিপাবলিকের প্রধান নিহত হয়েছেন,” জাখারশেঙ্কোর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে এমনটাই জানান তার মুখপাত্র।
 
২০১৪ সালে কিয়েভের শাসনব্যবস্থাকে অস্বীকার করে রুশপন্থি সশস্ত্র বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকা দোনেত্স্ক ও লুহানস্কের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নেয় এবং এগুলোকে স্বাধীন ঘোষণা করে। এলাকাগুলোর দখল নিয়ে ইউক্রেনের সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ধারাবাহিক লড়াইয়ে নিহতের সংখ্যাও কয়েক হাজার ছাড়িয়ে গেছে।
 
জাখারশেঙ্কো ২০১৪ সাল থেকেই ‘দোনেত্স্ক পিপলস রিপাবলিকের’ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। ক্যাফেতে বিস্ফোরণে আহত তিমোফেয়েভ পালন করছিলেন স্বঘোষিত রাষ্ট্রটির অর্থমন্ত্রীর দায়িত্ব। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর