যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফেরাতে দেশটির মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন জেনারেল স্কট মিলার। তিনি আফগানিস্তানে ২০১৩ সাল থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছিলেন। আফগানিস্তানের জঙ্গিদের দমন করতে দীর্ঘ ১৭ বছর ধরে আফগান ও আমেরিকার সেনাবাহিনী লড়াই করে আসছে।
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি চুক্তি করতে বিভিন্ন মহল ২০০১ সাল থেকে চেষ্টা চালিয়ে আসছে। শান্তি ফেরাতে জুলাই মাসে তালেবান নেতাদের সঙ্গে আলোচনায়ও বসেছিলেন আমেরিকার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
তবে সম্প্রতি তালেবান জঙ্গিদের ক্রমাগত হামলায় আবার দিশেহারা হয়ে পড়েছে আফগানিস্তান। এতে করে বহু বেসামরিক লোকজন ও সেনা সদস্য প্রাণ হারান।
মিলার বলেন, এটা সত্যি আমাদের জন্য কঠিন লড়াই। আফগানিস্তানে শান্তি ফেরাতে আমাদের এখানকার পরিবেশের সঙ্গে আরও খাপ খেয়ে নিতে হবে। জঙ্গিদের আরও ভাল করে চিনে নিতে হবে। আমরা কেউ আত্মতুষ্টিতে ভুগতে পারি না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশী কূটনীতিবিদরা।
বিদায়ী কমান্ডার জেনারেল জন নিকোলসন বলেন, আমরা আফগানিস্তানে শান্তি দেখতে চাই। তালেবান যোদ্ধাদের অনেকে যুদ্ধ করতে চায় না, শান্তি তারাও চায়। কিন্তু তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে। তালেবান যোদ্ধারা দ্রুত শান্তির চুক্তি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইত্তেফাক/এসআর
