ভারতের উত্তরপ্রদেশে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত রাজ্যের ১৬ জেলায় মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা আক্রান্ত এলাকায় উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে বিমানবাহিনী।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহানপুর জেলা। সেখানে ছয়জন নিহত হয়েছেন। বিমানবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে নেমেছে। এখন পর্যন্ত ললিতপুর ও ঝাঁসি জেলা থেকে আটকে পড়া ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সিতাপুর জেলায় তিন জন, আমেঠি ও অরাইয়া জেলায় চার জনের মৃত্যু হয়েছে। ৪৬১টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
চলতি মৌসুমে ভারী বর্ষণ ও বন্যায় রাজ্যজুড়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২০০ ছাড়িয়েছে। রাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজ্যের পশ্চিমাঞ্চলে ভারী থেকে অত্যধিক ভারী বর্ষণ হতে পারে।
উল্লেখ্য, কেরালায় ভয়াবহ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই উত্তরপ্রদেশে নতুন করে বন্যা দেখা দিয়েছে। -এনডিটিভি
ইত্তেফাক/ জেআর
