মিয়ানমারে সাজাপ্রাপ্ত রয়টার্সের সাংবাদিকদের মুক্তির আহবান জাতিসংঘের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫০
মিয়ানমারে অবস্থিত জাতিসংঘ দপ্তর দেশটিতে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেয়ার আহবান জানিয়েছে। রাষ্ট্রের কঠোর গোপনীয় আইন ভাঙ্গার দায়ে ইয়াঙ্গুনের একটি আদালত সোমবার ঔপনিবেশিক আমলের একটি আইনের আওতায় উভয়কে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। 
 
মিয়ানমারে জাতিসংঘের ‘রেসিডেন্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান কো-অর্ডিনেটর’ কেনাত অস্তবি বলেন, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও  কিয়াও সোয়ে ওউ’কে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার এবং সাংবাদিক হিসেবে তাদের কাজ অব্যাহত রাখার সুযোগ দেয়া উচিত।
 
তিনি আরো বলেন, আমরা তাদের মুক্তি দেয়ার আহবান অব্যাহত রাখবো।
 
এদিকে রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার এক বিবৃতিতে বলেন, আজ মিয়ানমার, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও  কিয়াও সোয়ে ওউ এবং বিশ্বজুড়ে গণমাধ্যমের জন্য একটি দুঃখের দিন। 
 
তিনি আরো বলেন, ওয়া লোন ও  কিয়াও সোয়ে ওউ যতদিন এই অন্যায় বিচারের শিকার হবে, আমরা ততদিন অপেক্ষা করবো না। আমরা আসন্ন দিনগুলোতে কিভাবে এই বিসয়ে আগানো যায় তা মূল্যায়ন করবো। আন্তর্জাতিক ফোরামের কাছে সাহায্য চাইবো কি না তাও বিবেচনা করা হবে। 
 
প্রসঙ্গত, রয়টার্স জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে রাখাইনের উত্তরাঞ্চলীয় ইনদিন গ্রামে সেনা ও স্থানীয় বুদ্ধদের হাতে ১০ জন রোহিঙ্গা খুন হওয়ার একটি ঘটনা খতিয়ে দেখছিলেন ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ। গত ১২ ডিসেম্বর তাদেরকে একদিন  নৈশভোজে  নিমন্ত্রণ জানায় স্থানীয় পুলিশকর্মীরা। সেখানে যাওয়ার পর তাদেরকে আটক করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত তারা ইয়াঙ্গুনে একটি কারাগারে দিনাতিপাত করেছেন। 
 
সরকারি আইনজীবীরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। তবে গ্রেফতারকৃত সাংবাদিকদের দাবি, তাদের হাতে কাগজপত্র তুলে দিয়ে তাদের ফাঁসানো হয়েছে। - বাসস, রয়টার্স ও দ্য গার্ডিয়ান 
 
ইত্তেফাক/ জেআর