মতপ্রকাশ সংকুচিত করছে ফেসবুক: জাতিসংঘ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৮
সন্ত্রাসবাদ সংজ্ঞায়নে ফেসবুকের ব্যাপকভিত্তিক ব্যাখ্যার কারণে সংকুচিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এমন মত দিয়ে ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গের কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘের বিশেষ মানবাধিকার বিশেষজ্ঞ ফিওনুওয়ালা নি আওলায়েন।
 
চিঠিতে বলা হয়, ফেসবুকের সংজ্ঞায়নের কারণে সন্ত্রাসবাদের আওতায় পড়ে যাচ্ছে অনেক সংগঠন। এ ধরনের সংজ্ঞায়ন যথার্থ হয়নি। এর বৈষম্যমূলক ব্যবহার হতে পারে, অতি মাত্রায় ‍বেড়ে যেতে পারে সেন্সরশীপ। অনেক পক্ষ ফেসবুকের ব্যবহার থেকে বঞ্চিত হতে পারে।
 
তিনি বলেন, রাষ্ট্রের বাইরে থাকা যেকোন পক্ষ লক্ষ্য অর্জনের উপায় হিসেবে সহিংসতায় জড়িত থাকলে তাদের সবাইকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ফেসবুকের সন্ত্রাসবাদের সংজ্ঞায়।
 
আওলায়েন বলেন, ‘বর্তমানে বিভিন্ন দেশের সরকার ভিন্নমত দমন করতে বিরোধীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে। এ অবস্থায় এ ধরনের সংজ্ঞায়ন উদ্বেগজনক।’
 
ফেসবুকের পর্যবেক্ষণ রিভিউ করার পদ্ধতি ঝামেলাপূর্ণ এবং স্বাধীন নয় বলেও দাবি করা হয় চিঠিতে।

ইত্তেফাক/টিএস