রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র রুশ নাগরিকদের গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ দেয়ার চেষ্টা করছে। এতে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সোমবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ এবং ২০১৬ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগ রাশিয়ার ধনকুবের ওলেগ ডেরিপাসকাকে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগের চেষ্টা করে ব্যর্থ হয়।
এদিকে রুশ টিভি চ্যানেল আরটি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র খুবই আক্রমণাত্মকভাবে নৈতিক ও অন্যান্য উপায়ে চাপ সৃষ্টি করে রুশদের গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে।
নিউ ইয়র্ক টাইমস অনুসারে, মার্কিন কর্মকর্তারা রুশ ব্যবসায়ীদের কাছ থেকে রাশিয়ার সংগঠিত অপরাধ ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তথ্য উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ডেরিপাসকার মতো প্রধান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও রুশ অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে কাজ করা ব্যক্তিদের নিয়োগ করার চেষ্টা হচ্ছে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। রয়টার্স ও আরটি
ইত্তেফাক/ জেআর
