ব্রাজিলের জাতীয় জাদুঘরে ভয়াবহ আগুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৮
ব্রাজিলের ঐতিহাসিক জাদুঘর আগুনে পুড়ে বিধ্বস্ত হয়ে গেছে। ওই জাদুঘর কর্তৃপক্ষ আশঙ্কা করছে জাদুঘরের প্রায় ৯০ শতাংশ পুড়ে ছাই হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রাজিলের তদন্তকারী দল।
 
সেখানকার ফেডারেল পুলিশ তদন্তের দায়িত্বে আছে। তদন্তকারীরা জানায়, আমরা সরকারের কাছে অনুমতির অপেক্ষায় আছি। শিগগিরই আমরা যাদুঘরে প্রবেশ করবো।
IMG0
ব্রাজিলের ইঞ্জিনিয়াররা বিভিন্ন পরীক্ষা করে দেখছে জাদুঘর ভবনটি ভেঙ্গে পড়ার কোন আশংকা আছে কিনা। অন্যদিকে ওই জাদুঘরের কর্তৃপক্ষ বলছে, জাদুঘরের ভেতরের দেয়াল ও ভবন আগুনে পুড়ে দুর্বল হয়ে পড়েছে।
 
ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রী সারজিও লিতাও সোমবার বলেন, সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে জাদুঘরে আগুন লেগেছে।
 
এদিকে ব্রাজিলের ওই ঐতিহাসিক জাদুঘরে আগুন লাগায় রাস্তায় নেমে পড়েছে হাজারো মানুষ। তারা এর প্রতিবাদ করছে। এতে করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় প্রতিবাদকারীদের।
IMG1
প্রতিবাদকারীরা জাদুঘরের সামনে এসে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা জাদুঘরের ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাঁধা দেয়।
 
বিক্ষোভকারীরা জানায়, আমরা জাদুঘরের ক্ষয়ক্ষতি দেখতে চেয়েছি কিন্তু তারা আমাদের দেখতে দেয়নি। তারা আমাদের ওপর লাঠিচার্জ করে।
 
উল্লেখ্য, ১৮১৮ সালে রাজা ষষ্ঠ জোয়াও জাদুঘরটি নির্মাণ করেন। এটি ব্রাজিলের সবচেয়ে সমৃদ্ধ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জাদুঘর।
 
ইত্তেফাক/এস আর/নূহু