বেনাপোলের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার এবং ১০টি সোনার বারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। জব্দকৃত ডলার ও সোনার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ডলার ও শার্শার শালকোনা গাতিপাড়া থেকে সোনার বার জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ৩ চোরাকারবারীকে। আটককৃতরা হলো- নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে ওবায়দুর রহমান ও কাউছার মোল্লার ছেলে মাসুদ মোল্লা (৩০) এবং যশোরের খড়কী এলাকার মমিনুর রহমানের ছেলে হাসান আলী (২৫)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, তাদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্ত পথে সোনা ও বৈদেশিক মুদ্রার দুটি চালান পাচার হচ্ছে। পরে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার ও শালকোনা গাতিপাড়া থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। এ সময় তিন চোরাকারবারী আটক করা হয়।
ইত্তেফাক/ইউবি
