ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে পরমাণু অস্ত্রমুক্ত হতে পারে উ. কোরিয়া : কিম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৩
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদের শেষ দিকে পরমাণু অস্ত্রমুক্ত হতে পারে কোরীয় উপদ্বীপ। এই প্রথম কিম জং উন পরমাণু অস্ত্রমুক্ত করতে নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করলেন। এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মু জায়ে-ইনের সঙ্গে বৈঠক করবেন কিম। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও আল জাজিরা’র
 
কিম জং উনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি কিমকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা একত্র হয়েই কাজটি করবো। মুন জায়ে-ইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউ ইয়ং জানিয়েছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে দুই দেশের মধ্যে সম্মেলন হবে। এখানে তৃতীয়বারের মতো কিম এবং মুন বৈঠক করবেন। এই তথ্য জানানোর আগের দিন চুং ইউ ইয়ং কিমের সঙ্গে বৈঠক করেন।
 
কিম জং উন চুং ইউ ইয়ংকে বলেছেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প তার নীতিতে অটল আছেন। কিম আশা করেন যে, ট্রাম্প শত্রুতার সম্পর্ক পরিহার করে দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক গড়বেন। ২০২১ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রমুক্ত হবে বলে আশা করেন কিম।
 
ইত্তেফাক/মোস্তাফিজ