সুইডেনে সাধারন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার সুইডেনে সকাল আট থেকে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে সেখানকার রাত নয়টা পর্যন্ত। বিবিসি।
এবারের নির্বাচনে দুইটি দল আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। এর মধ্যে একটি বামপন্থী দল সোশ্যাল ডেমোক্র্যাটস অন্যটি ডানপন্থী দল সুইডেন ডেমোক্র্যাটস। বর্তমানে ক্ষমতায় আছে বামপন্থী দল সোশ্যাল ডেমোক্র্যাটস। তবে সম্প্রতি তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে।
এবারে সুইডেনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৭৫ লাখ। সুইডেনের নির্বাচনী জরিপে বলা হয়েছে, এবারের নির্বাচনে অভিবাসনবিরোধী দল সুইডেন ডেমোক্র্যাটসের ব্যাপক উত্থান ঘটেছে। নির্বাচনে তারা ১৬ থেকে ২৫ শতাংশ ভোট পাবে।
ওই জরিপে আরও বলা হয়, পুরনো দুই দল সোশ্যাল ডেমোক্র্যাটস ও মধ্যম ডানপন্থী দল কনজারভেটিভ মডারেটস মিলে ৪০ শতাংশ পাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে ২০ শতাংশ ভোটার কোন দলকে ভোট দিবে তা নিয়ে দ্বিধায় আছে।
সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মধ্যরাতের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা দেওয়ার কথা আছে। তবে অন্য একটি সূত্র জানায়, সরকার গঠনের বিষয়টি জানতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
ইত্তেফাক/এসআর/টিএস
