সোমবার পা রাখলেন ৫৪ তে। তবে মনের বয়স খুব বেশি নয় জ্যাক মার। পোশাক পরেন রকস্টারের মতো। কথা বলার ঢঙও তরুণদের মতোই। যদিও ইদানিং তিনি আলোচনায় এসেছেন ‘অবসর’ নিয়ে।
তবে অবসরেও অন্যদের চেয়ে আলাদা জ্যাক মা। তার দাবি, বয়স বাড়া মোটেও অবসরের কারণ নয়। ‘বিশ্ব অনেক বড়, আমার বয়স খুব কম। তাই নতুন কিছু শুরু করতে অবসরের সিদ্ধান্ত নিয়েছি’, মন্তব্য তার।
জ্যাক মা মনে করেন তাকে আলিবাবার আর দরকার নেই। তাই এক বছরের মধ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৫৪ তম জন্মদিনে পদত্যাগের বিস্তারিত পরিকল্পনা নিয়ে প্রকাশিত চিঠিতে এ কথা জানান জ্যাক।
‘আলিবাবা আমার নয়, আমিই আলিবাবার’, বলেন জ্যাক মা।
IMG0
জ্যাক মার অবর্তমানে আলিবাবা ডটকমের হাল ধরবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেনিয়েল জ্যাং। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর জ্যাক মার কাছ থেকে নির্বাহী চেয়ারম্যানের দ্বায়িত্ব বুঝে নেবেন তিনি।
১১ বছর ধরেআলিবাবায় কাজ করছেন জ্যাং। জ্যাক মার মতে, তিনি অসাধারণ মেধা ও দক্ষতা দেখিয়েছেন আলিবাবায়। জ্যাংকে দ্বায়িত্ব দিয়ে ‘ছাত্রকে আরও বড় দ্বায়িত্ব নেওয়ার সুযোগ’ দিতে চান জ্যাক মা।
IMG0
চিঠিতে জ্যাক মা জানান, শিক্ষকতায় ফিরবেন তিনি। নিজ নামে ফাউন্ডেশন গড়ে তুলে কাজ করবেন জনকল্যাণের।
ইত্তেফাক/টিএস
