নারী সহকর্মীর সঙ্গে সকালের নাস্তা করার ভিডিও করে সৌদি আরবে গ্রেফতার হয়েছেন মিসরীয় এক হোটেল কর্মচারী। সৌদি কর্তৃপক্ষ ভিডিওটিকে ‘অপরাধমূলক’ হিসেবে বর্ণনা করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, মিসরীয় ওই ব্যক্তি তার নারী সহকর্মীর সঙ্গে সকালের নাস্তা ভাগ করে খাচ্ছেন ও কৌতুক বলছেন। ভিডিওটি নিয়ে রক্ষণশীল সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।
ভিডিওটিতে যে নারীকে দেখা যায় তিনি হিজাব ও বোরখা পরিহিত। তাকে ক্যামেরার দিকে হাত নেড়ে খেতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপক হারে ‘শেয়ার’ করা হয়েছে। দেখা গেছে ব্যাপক ক্ষোভ। সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গেছে ভিডিওর শেষ ৩০ সেকেন্ড নিয়ে।
শেষ ৩০ সেকেন্ডে দেখা যায়, হিজাব পড়া নারীটি তার পুরুষ সহকর্মীকে খাইয়ে দিচ্ছেন।
সৌদির শ্রম মন্ত্রণালয় এ ঘটনা নিয়ে বলেছে, শ্রম মন্ত্রণালয় জেদ্দাহ থেকে একজন বিদেশীকে গ্রেফতার করেছে। তাকে একটি অপরাধমূলক ভিডিওতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মিসরীয়।
মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, গ্রেফতারকৃত ব্যক্তি যে হোটেলে কাজ করতো ওই হোটেলের মালিককে, লিঙ্গ-ভিত্তিক কর্মস্থল বিষয়ক সরকার প্রদত্ত নির্দেশনা না মানার জন্য তলব করা হয়েছে। -দ্য গার্ডিয়ান
ইত্তেফাক/ জেআর
