পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনকে ‘বলিষ্ঠ সিদ্ধান্ত’ নেয়ার আহবান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার সাথে আরেক দফা আলোচনায় বসার পরিকল্পনা করছে। খবর এএফপি’র।
মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকে মুন বলেন, ‘উত্তর কোরিয়ার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এমন একটি ইস্যু যা আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে মৌলিকভাবে সমাধান করতে হবে।’
তিনি বলেন,‘তবে যতক্ষণ পর্যন্ত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো সক্রিয় আলোচনা ও যোগাযোগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের মধ্যে মধ্যস্থতা করতে না পারলেও কাজ করতে পারি। এ ব্যাপারে আমাকে ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম।’
ট্রাম্পকে দেয়া এক চিঠিতে পিয়ংইয়ংয়ের দ্বিতীয় দফা আলোচনা প্রস্তাবের পর ট্রাম্প ও কিমের মধ্যে আরেক দফা ‘আলোচনার প্রক্রিয়া’ চলছে হোয়াইট হাউস এমন কথা জানানোর পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট একথা বলেন।
ট্রাম্প ও কিমের মধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক আলোচনার মধ্যস্থতার দায়িত্ব পালন করা মুন উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার এ বছরের তৃতীয় বৈঠকের জন্য আগামী সপ্তাহে পিয়ংইয়ং সফরে যাচ্ছেন। গত জুনে তাদের মধ্যে এ ঐতিহাসিক বৈঠক হয়।
চলতি বছরের ১২ জুন পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে একমত হন কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। তবে এরপর তেমন কোন অগ্রগতি না হওয়ায় ট্রাম্প গত মাসের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র পিয়ংইয়ং সফরের পরিকল্পনা বাতিল করেন।
উল্লেখ্য, রোববার উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে পালনকালে আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা থেকে পিয়ংইয়ং বিরত থাকে। ট্রাম্প এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
তবে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে এখনও আনুষ্ঠানিক চুক্তিতে আসতে পারেনি উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
ইত্তেফাক/টিএস
