প্রধানমন্ত্রীর বাসভবনে ৮টি মহিষ পালতেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মহিষগুলো এখন বিক্রি করে দিতে চান নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। খবর জিও নিউজের।
পাকিস্তান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহযোগী নায়েম উল হক জানান, শীঘ্রই মহিষগুলো বিক্রি করতে নিলামের আয়োজন করা হবে।
হক টুইটারে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর বিলাস ভোজনের জন্য ৮টি মহিষ রাখা হয়েছিল। এখন এগুলো বিক্রি করা হবে। যারা কিনতে চান প্রস্তুত হন।’
বর্তমানে সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী ভবনের আরও ৮০টি বিলাসবহুল গাড়ি ও মন্ত্রিপরিষদ বিভাগের ৪টি হেলিকপ্টারও বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান।
IMG0
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চলতি বছরের জুলাইয়ে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা খাটছেন তিনি।
ইত্তেফাক/টিএস
