পাইকগাছার বাঁকা বাজারের আলোচিত আশালতা ক্লিনিকের মালিক দেবাশীষ মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ মোঃ আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার সকালে ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিকের মালিক দেবাশীষ খালি শরীরে ক্লিনিকে চিকিৎসাধীন একজন রোগীকে ইনজেকশন প্রদান করছিলেন। এছাড়াও ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ডাক্তার ও নার্স ছাড়াই অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করে আসছিলেন। এ অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মন্ডলকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ঘটনাস্থল থেকেই রাড়ুলী ক্যাম্প পুলিশ দেবাশীষকে গ্রেফতার করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার ও পেশকার সাকিরুল ইসলাম।
উল্লেখ্য, দেবাশীষ মন্ডল দীর্ঘদিন অবৈধভাবে আশালতা ক্লিনিক পরিচালনা করে আসছিল। এতে প্রতারিত হচ্ছিল সাধারণ মানুষ। গত ২৬ আগস্ট বিভিন্ন দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশেরপর আশালতা ক্লিনিকের মালিকের বিরুদ্ধে অত্র এলাকার মধ্যে প্রথমবারের মত সর্বোচ্চ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করায় সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক, ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ মোঃ আব্দুল আউয়াল, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/নূহু
