কানাডায় লটারি জিতে কোটিপতি অভিবাসী মেলহিগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৪
রাতারাতি কোটিপতি হওয়ার আশায় বহু মানুষ সপ্তাহের পর সপ্তাহ লটারির টিকেট কেনেন। কিন্তু সারাজীবনেও হয়তো তাদের সেই স্বপ্ন পূরণ হয় না। কিন্তু মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুবার লটারি জিতে কপাল খুলে গেছে কানাডার এক অভিবাসীর। এই ভাগ্যবানের নাম মেলহিগ মেলহিগ। বয়স ২৮ বছর। দুটি লটারিতে তিনি জিতেছেন মোট ৩৫ লাখ কানাডিয়ান ডলার।
 
মেলহিগ এসেছেন আফ্রিকা থেকে। এখন থাকেন কানাডার উইনিপেগে। এই অর্থ পাওয়ার পর মেলহিগ এখন পড়াশোনায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, ‘আমি এখনো তরুণ। কিভাবে আরো বড় হতে পারি, সেটা আমার ভাবা উচিৎ।’
 
গত এপ্রিলে প্রথম লটারি জেতেন মেলহিগ। সেবার পেয়েছিলেন পনের লাখ ডলার। সেই অর্থ দিয়ে তিনি একটি বাড়ি কেনেন। আগের ফ্ল্যাট ছেড়ে দিয়ে সেই বাড়িতে উঠেছেন।
 
এরপর আগস্টে মেলহিগের প্রতি ভাগ্য আবার সুপ্রসন্ন হয়। এবার তিনি লটারিতে জেতেন বিশ লাখ ডলারের জ্যাকপট। লটারিতে জেতা অর্থে নিজের ব্যবসা গড়ে তুলতে চান তিনি। তার ইচ্ছে একটি পেট্রোল স্টেশন বা কার ওয়াশ সেন্টার খোলা। এরপর তিনি লেখাপড়ায় ফিরে যেতে চান।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ