পাকিস্তানে হুমকির মুখে আছে গণমাধ্যমের স্বাধীনতা। দেশটির সামরিক বাহিনী হুমকি, ভীতি, উত্রাসন এমনকি সহিংসতার মাধ্যমে সাংবাদিকদের ‘সেলফ-সেন্সরশিপে’ যেতে বাধ্য করছে। বুধবার প্রকাশিত কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের(সিপিজে) এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানী সেনাবাহিনী ‘নীরবে’ কিন্তু কার্যকরভাবে ‘লাইনস অফ কন্ট্রোল’ প্রতিষ্ঠা করে সাংবাদিকতার ওপর সীমারেখা টেনে দিচ্ছে।
সিপিজে অনুসারে, এই সীমারেখা টানার কৌশলের মধ্যে রয়েছে, কিছু অঞ্চলে প্রবেশাধিকার না দেওয়া। এছাড়া সাংবাদিকদের সরাসরি বা পরোক্ষভাবে উত্রাসনসহ বিভিন্ন উপায়ে ‘সেলফ-সেন্সরশিপে’ যেতে বাধ্য করা হচ্ছে। এমনকি অভিযোগ ওঠেছে সহিংসতা উস্কে দেওয়ারও।
সিপিজে আরো বলেছে, ব্যক্তিগতভাবে, জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকরা বলছেন যে, সামরিক শাসনের আমলে সাংবাদিকদের যেমন দমন করা হতো, পত্রিকা বন্ধ করে দেওয়া হতো- স্বাধীন গণমাধ্যমের জন্য এখনকার অবস্থা তেমনই।
সামরিক বাহিনী হচ্ছে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। তারা নিয়মিতভাবে রাজনীতিতে বা গণমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, সিপিজে’র প্রতিবেদন নিয়ে এখনো কোন মন্তব্য করেনি সেনাবাহিনী। কিন্তু পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, সরকার সাংবাদিকদের কাছ থেকে হুমকি সম্পর্কিত কোন অভিযোগ পায়নি। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর
