মহেশপুরে কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র উধাও

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৭
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের নামে এলাকার হাজার মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্র।
 
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খালিশপুর বাজারে চিকিৎসক জিল্লুর রহমানের মার্কেটের ২য় ও ৩য় ফ্লোর ভাড়া নিয়ে ঐ কোম্পানি তাদের কার্যক্রম শুরু করে। উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার গ্রাহক তৈরি করে অধিক লভ্যাংশের কথা বলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতের আঁধারে পালিয়ে গেছে প্রতারক চক্র।
 
বিল্ডিং মালিক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এমটিবি এজেন্ট ব্যাংকের লোকজন কাগজপত্র দেখিয়ে আমার কাছ থেকে ঘর ভাড়া নেয়।
 
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, একটি মেয়ে এসেছিল। তাকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
উল্লেখ্য, উপজেলার যোগিহুদা গ্রামের শাহ আলমের মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত ছিল।
 
ইত্তেফাক/বিএএফ