নরওয়েতে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ৫১ বছর বয়সী রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপের পার্লামেন্টারি প্রশাসনগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিষয়ক এক সম্মেলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের আইনজীবী হেজে আক্রে নরওয়েজিয়ান বার্তা সংস্থা এনটিবি’কে সোমবার জানান, বর্তমানে নরওয়ের দেশীয় গোয়েন্দা সংস্থা পিএসটি তার মক্কেলকে জিজ্ঞাসাবাদ করছে। প্রসঙ্গত, গ্রেপ্তারকৃতের পরিচয় প্রকাশ করা হয়নি।
দুই দিনব্যাপি সম্মেলনে ওই রুশ নাগরিকের আচরণে সন্দেহজনক লাগায় পার্লামেন্টারি কর্মকর্তারা গোয়েন্দা সংস্থার সঙ্গে তার বিষয়ে যোগাযোগ করে।
শুক্রবার ‘ইউরোপিয়ান সেন্টার ফর পার্লামেন্টারি রিসার্চ এন্ড ডকুমেন্টেশন’ কর্তৃক নওয়ের পার্লামেন্টে আয়োজিত সম্মেলন থেকে ওই রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে দুই সপ্তাহের জন্য বিচার-পূর্ববর্তী বন্দি অবস্থায় রাখা হয়েছে। এই ঘটনা নিয়ে এর বেশি বিস্তারিত জানা যায়নি।
আক্রে জানিয়েছেন, তার মক্কেল অপরাধ করার বিষয় অস্বীকার করেছেন। -দ্য গার্ডিয়ান
ইত্তেফাক/ জেআর
