রাজশাহীর গোদাগাড়ীতে তুরজাউন (২২) নামের ৬ মাসের গর্ভবতী গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল গলায় ফাঁস দেওয়া অবস্থায়। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রচার করা হয়েছিল আত্মহত্যা বলে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী আব্দুল কাদের ও শাশুড়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাপাশিয়া পাড়া ডাউরিয়া গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর আগে কাপাশিয়া পাড়া ডাউরিয়া গ্রামের নাইমুল ইসলামের ছেলে আব্দুল কাদেরর সঙ্গে আমবাড়িয়া গ্রামের আলাউদ্দীনের মেয়ে তুরজাউনের বিয়ে হয়। তুরজাউনের পরিবারের লোকজন জানায়, বিয়ের বিয়ের পর থেকে তার শ্বশুর, শাশুড়ী ও ননদ যৌতুক ও নানা কারণে অত্যাচার করতো। তুরজাউন নির্যাতন সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস দেন।
গোদাগাড়ী মডেল থানার প্রধান কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আত্মহত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তুরজাউনের স্বামী কাদের ও শাশুড়ীকে আটক করে জেল হাজতে পাঠনো হয়েছে। গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন দেখে বলা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
