গরু দুধ কম দেওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মালদাহে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, মালদহের রাজ্যটোলা গ্রামের বাসিন্দা বাপন ঘোষ। মাস ছয়েক আগে তিনি এবং তার জামাইবাবু ধনঞ্জয় ঘোষ ২২ হাজার ৫০০ টাকায় একটি গরু কেনেন। একই গ্রামের বাসিন্দা সামিরুল শেখের কাছ থেকে এই গরু কেনা হয়।
বিক্রির সময় সামিরুল জানিয়েছিলেন, গরুটি প্রতিদিন ৫ কিলো করে দুধ দেবে। কিন্তু ওই গরু ২ কিলোর বেশি দুধ দিচ্ছিল না বলেই অভিযোগ। তাই ধনঞ্জয় কয়েকদিন পরেই সামিরুলকে গরুটি ফেরত দিয়ে আসেন। এসময় তিনি গরুর দামও ফেরত চান। টাকা নিতে সোমবার ধনঞ্জয় ঘোষ, বাপন ঘোষ, লাকাই ঘোষসহ চার-পাঁচজন সামিরুলের বাড়িতে যান। এতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি পরে মারামারির ঘটনা ঘটে।
আহত হন ধনঞ্জয়, বাপন, লাকাই। তারা স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ধনঞ্জয় ও লাকাইকে। তবে বাপনের আঘাত গুরুতর হওয়ায় তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় বৈষ্ণবনগর থানায় ধনঞ্জয়, সামিরুলসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ইত্তেফাক/জেডএইচ
