দশম সমাবর্তন উপলক্ষে সেজেছে রাবি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫
আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য দশম সমাবর্তন উপলক্ষে রঙিন সাজে সাজানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে বর্ণিল এই আয়োজন প্রায় শেষ পর্যায়ে।
 
এদিকে সমাবর্তন উপলক্ষে কঠোর নজরদারিতে রয়েছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দায়িত্বরত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাড়াও অতিরিক্ত গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে অংশ নিতে মোট ৬ হাজার ৯ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন।সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত একটি কমিটির তত্ত্বাবধানে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে ব্যাপক শোভাবর্ধন করা হয়েছে।
 
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে প্রশাসনিক ভবন ১ ও ২, শহীদ মিনার, সাবাস বাংলাদেশ মাঠ, জুবেরী ভবন, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি), কেন্দ্রীয় মসজিদ, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, উপাচার্য ও উপ-উপাচার্য দ্বয়ের বাসভবন, শের-ই-বাংলা একে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বেশ কয়েকটি ভবন রঙ করা হয়েছে।
IMG0
এছাড়া সড়কের পাশের গাছগুলোতে সাদা-লাল রঙয়ের আলোকচ্ছটায় চিরচেনা রূপে নতুন মাত্রা যোগ হয়েছে। যা সমাবর্তনের আবেশকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এছাড়া সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতিও চলছে।
 
একাডেমিক ভবনগুলোর মধ্যে রবীন্দ্র ভবন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবন রঙ করার পাশাপাশি বিভিন্ন ধরনের বাহারি ফুলের গাছ লাগানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের আশপাশের গাছগুলোতে রঙ করাসহ বেশ কয়েকটি সড়ক সংস্কার ও ঝোপঝাড় পরিচ্ছন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শহীদ ড. শামসুজ্জোহা চত্বর পর্যন্ত ফুটপথ ও বাগানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। জুবেরী ভবনের কাছে প্রস্তুত করা হয়েছে অতিথিদের গাড়ি পার্কিংয়ের স্থান।
IMG1
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনীর জানান, সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি ও গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ে আসছেন। এ উপলক্ষে সবার কাছে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে উপস্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানের দিন ক্যাম্পাস জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিসি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে।’
 
ইত্তেফাক/বিএএফ