প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে এ ব্যপারে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিযোগের বিপুল সুযোগ আছে। এখন সহজ বিনিয়োগ নীতিমালা করা হয়েছে। বিনিয়োগে আকর্ষণীয় প্রণোদনা এবং সর্বোচ্চ মুনাফা লাভেরও সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকে আইন দ্বারা সুরক্ষা দেওয়া হয়েছে। বিনা বাধায় লাভ এবং আসলসহ পুঁজি প্রত্যাবাসন সুবিধাও রয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস এলায়েন্সের (এবিবিএ) দশম বার্ষিক বিজনেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মশিউর রহমান।
এবিবিএর আহ্বায়ক কমিটির চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেলিম উদ্দিন এমপি, এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আল হারাইমন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান শেকিল চৌধুরী, এসবিএসি ব্যংকের চেয়ারম্যান আমজাদ হোসেন, এবিবিএর সদস্য বিলাল চৌধুরী, সচিব ইয়াকুব এ খান, শাহনেওয়াজ, ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ এন মজুমদার, তারেক হাসান খান, এজে বাবুল, জাকারিয়া মাসুদ জিকো, অ্যাটর্নি হাসান মালিক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, এবিবিএর উপদেষ্টা নাসির আলী খান পল, রেজাউল করীম চৌধুরী, কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী এলিজাবেথ ক্রাউলি।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, নতুন শিল্প কারখানা এবং সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীরা যার যার সুবিধাজনক অঞ্চলে সহজে সেখানে বিনিয়োগ করতে পারেন। সরকার প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিসও চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন প্রবাসীদের বিনিয়োগের সহায়তা উদার। প্রবাসীদের বিনিয়োগবান্ধব সরকারের এ সুযোগ গ্রহণ করার উৎকৃষ্ট সময় এখনই।
এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভাল অবস্থানে। প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮ শতাংশ। অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ বর্তমার বিশ্বে দ্বিতীয় তৈরি পোষাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশ এখন বিশ্বে ৩য় শীর্ষ সবজি উৎপাদনকারী, ৪র্থ শীর্ষ চাল উৎপাদনকারী এবং তৃতীয় শীর্ষ মিঠা পানির মৎস উৎপাদনকারী দেশ। এধারা অব্যাহত থাকলে শিগগিরই বাংলাদেশ শীর্ষ রপ্তানিকারকের কাতারে উঠে আসবে। তিনি প্রবাসীদের বিনিয়োগের মাধ্যমে দেশ উন্নয়নে অংশ নেয়ার আহ্বান জানান।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা করে মাহতাবুর রহমান নাসির প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান। তিনি সকলকে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের আহ্বান জানিয়ে বলেল, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের পর সে অর্থ পরে ফেরৎ আনার সুযোগ থাকে।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ীরা অর্থ উপদেষ্টার কাছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসারে সুযোগ সুবিধা বাড়ানোর অনুরোধ জানান।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি ও আয়োজক কমিটির কর্মকর্তাদের সঙ্গে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বদরুন নাহার খান মিতা ও সিনিয়ার লিগ্যাল কনসালটেন্ট নাসরিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এবিবিএ সম্মেলনের যুগ্ম সদস্য সচিব এএফ মিসবাহউজ্জামান ও নিউজ প্রেজেন্টার শামসুন নাহার।
বিজনেস সম্মেলনের মূল পর্ব শুরু হওয়ার আগে এবিবিএ’র আয়োজনে ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপের বিজনেস ডেভেলেপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/আরকেজি
