কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা মামুন হত্যার আসামি গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৯:৫৭
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন হত্যা মামলার আসামি মোহাম্মদ ওমর উদ্দিনকে (২০) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে কর্ণফুলী থানা পুলিশ হেফাজতে রয়েছে।
 
ওমর উদ্দিন উপজেলার বড়উঠান ইউনিয়নে ৬নং ওয়ার্ড়ের শাহমীরপুর এলাকার মফজল আহমদের ছেলে। মামুন হত্যার পর ফারুক এলাকা থেকে পালিয়ে কিশোরগঞ্জে খালার বাসায় আশ্রয় নিয়েছেন বলে জানান পুলিশ।
  
কর্ণফুলী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহেদুল ইসলাম জানান, ‘মামুন হত্যা মামলার ৩ নাম্বার আসামি ওমর উদ্দিনকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায় তার খালার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন হত্যার মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দিয়েছে ওমর। তার দেওয়া তথ্যে চাঞ্চল্যকর হত্যার মূল বিষয়টি পরিষ্কার হয়েছে। হত্যাকাণ্ডে তার সাথে জড়িতদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।’
 
উল্লেখ্য, এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যের জেরে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদকে গত বুধবার সন্ধ্যায় তার বাড়ির একশ গজ দূরত্বে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় তার ডানপাশের হাতটি উপড়ে ফেলা হয়। মামুনের সাথে থাকা আরেক ছাত্রলীগ নেতা আজিজ প্রাণে রক্ষা পায়। বর্তমানে আজিজ আহতাবস্থা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার একদিন পর নিহতের বড়ভাই মো. ইয়াছিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
আসামিরা হল- বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা নুরুল আলমের ছেলে মো. আজম (২৮), মকবুল আহমদের ছেলে মো. ওমর উদ্দিন (২০), নুরুচ্ছফা প্রকাশ সাহেব মিয়ার ছেলে মো. আশিক (২৬), আবু তাহেরের ছেলে আলী আজগর (২৪) ও মোহাম্মদ সৈয়দের ছেলে মো. শাহনুর (২২)।
 
ইত্তেফাক/বিএএফ